বিএনপির আলতাফ চৌধুরীর গাড়িবহরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আলতাফ হোসেন চৌধুরীর স্ত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। 

হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি। আওয়ামী লীগ হামলা চালায়নি বলে জানিয়েছে।
বিএনপি নেতা, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী হুমায়ূন কবিরের পক্ষে গণসংযোগ এবং দলের নতুন বাজার কার্যালয়ে পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্ধারিত কর্মী সভায় অংশগ্রহণের জন্য আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহর নিয়ে কলাপাড়ায় আসছিলেন। আসার পথে রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি আসার পরই গাড়ি বহরে হামলা চালানো হয়। ছয়টি মাইক্রোবাসের কাচ ভেঙে ফেলেছে হামলাকারীরা। এ ছাড়া গাড়িবহরের সঙ্গে থাকা পাঁচটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় আলতাফ হোসেন চৌধুরীর স্ত্রী সুরাইয়া আক্তার চৌধুরী, পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল লতিফ সিদ্দিকী, পটুয়াখালী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিকদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিক খান ও যুগ্ম সম্পাদক মো. আউয়াল আকন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার তীব্র নিন্দা জানিয়ে আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘সরকার বলেছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তার পক্ষের দলের নেতৃবৃন্দ সমানভাবে নির্বাচনী প্রচার চালাতে পারবে। কিন্তু যেভাবে আমাদের ওপর হামলা চালানো হলো, তাতে মনে হয়েছে পৌর নির্বাচন হবে শুধুই প্রহসনমূলক।’ তিনি এ হামলার জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের সমর্থকদের দায়ী করেন। পৌরসভা নির্বাচনের আগে এমন হামলায় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
গাড়িবহরে থাকা পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মোরসালীন আহম্মেদ ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটোর নেতৃত্বে ২৫-৩০ জন আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে ব্যারিকেড দেয়। এরপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়।
এ ব্যাপারে মোরসালীন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো বলেন, ‘গাড়িবহরে যখন হামলা হয়, তখন আমি বাসায় ছিলাম। বরং আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেছি। আমরা কেউ এর সঙ্গে জড়িত ছিলাম না।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার হামলায় তাঁর সমর্থকদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে সাংবাদিকদের কাছে বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সমর্থক জড়িত ছিল না। হয়তো তাঁরা নিজেরাই এ রকম ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা শনাক্ত করার চেষ্টা করছি। পরিস্থিতি এখন শান্ত।