বিএনপির আসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে।

আজ মঙ্গলবার অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিগগিরই বিচারিক আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।

অভিযোগপত্রে আসলাম চৌধুরী ছাড়া যাঁরা আসামি হচ্ছেন, তাঁরা হলেন তাঁর স্ত্রী রাইজিং স্টিল মিল লিমিটেডের চেয়ারম্যান জামিলা নাজনীন মাওলা, ছোট ভাই ও একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমজাদ হোসেন চৌধুরী এবং পরিচালক জসীম উদ্দিন চৌধুরী।
দুদক সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রামের হালিশহর শাখা থেকে ২০১০ ও ২০১২ সালে ঋণপত্র (এলসি) খুলে এলটিআর সুবিধা নিয়ে ১৫৩ কোটি টাকা ঋণ নেয়। পরে সুদসহ ঋণের অনাদায়ি ২৩৭ কোটি ৫২ লাখ টাকার মধ্যে ৮৮ কোটি ৩২ লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি ১৪৯ কোটি ২০ লাখ টাকা পরিশোধ না করে তাঁরা আত্মসাৎ করেন।
এ অভিযোগে ২০১৬ সালের ২৬ ডিসেম্বর কমিশনের দুদকের উপপরিচালক মো. মোশারফ হোসেইন মৃধা চট্টগ্রামের হালিশহর সিএমপি থানায় একটি মামলা করেন। তিনিই মামলার তদন্ত করেন।

আসলাম চৌধুরী ও তাঁর পরিবারের বিরুদ্ধে ২০১৬ সালে এবি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে তিনটি ঋণপত্রের বিপরীতে ৩৭৭ কোটি টাকা নিয়ে এর বড় অংশ আত্মসাতের অভিযোগে করা আরেক মামলায়ও এর আগে অভিযোগপত্র দিয়েছে দুদক।
আসলাম চৌধুরী ২০১৬ সালের ১৫ মে ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে।