বিএনপির ইফতার অনুষ্ঠানের কাছে ককটেল বিস্ফোরণ
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বিএনপির ইফতার অনুষ্ঠানস্থলের আশপাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত দফায় দফায় ওই ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন উল্লাহ বিএসসি প্রথম আলোকে বলেন, নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছিল ইউনিয়ন বিএনপির পূর্বনির্ধারিত ইফতার মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান।
আমিন উল্লাহ অভিযোগ করেন, জয়নুল আবদিন ফারুক আসার পরই অনুষ্ঠানস্থলের আশপাশে একের পর ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত দফায় দফায় প্রায় ১৫-২০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়ে ইফতার মাহফিল শেষ করেন।
জানতে চাইলে বিএনপির ইফতার অনুষ্ঠানের কাছে ককটেল নয়, পটকা বাজির বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে উল্লেখ করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, লোকমুখে তিনি ওই ঘটনাটি শুনেছেন। বিএনপির কেউ তাঁকে বিষয়টি জানায়নি।