বিএনপির কমিটি বাতিলের দাবি
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। গতকাল সোমবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন আহমেদ। লিখিত বক্তব্যে জানানো হয়, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে জেলার বিভিন্ন শাখায় সুবিধাবাদীদের নিয়ে একতরফা কমিটি করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ কারণে এই কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি শেরেনুর আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনসার উদ্দিন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রব, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, ধরমপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছবাব মিয়া, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি রফিকুল ইসলাম বিন বারী, দিরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর তালুকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ১৬ এপ্রিল তিন ভাগে বিভক্ত সুনামগঞ্জ জেলায় বিএনপির সব উপজেলা, পৌরসভা ও থানা কমিটি বিলুপ্ত করে নাছির উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক করে ৮৭ সদস্যের সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়।