বিএনপির কর্মী রশিদকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়ন বিএনপির কর্মী আবদুর রশিদকে (৬০) খুঁজে পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে পুলিশ জানায়, রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছে একটি দেশীয় রিভলবার ও একটি গুলি পাওয়া গেছে।
আবদুর রশিদকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে কালীগঞ্জ থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে বলে জানা গেছে। পুলিশের পোশাক পরা ও সাদাপোশাকে বেশ কয়েকজন গত রোববার ভোরে রাখালগাছি ইউনিয়ন বিএনপির কর্মী ও ছোট-ধোপাদী গ্রামের আবদুর রশিদকে নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে পুলিশ তাঁকে আটকের কথা অস্বীকার করে আসছিল।
আবদুর রশিদের ছেলে সাইফুল ইসলাম জানান, তাঁরা সবাই জানতেন পুলিশ তাঁকে আটক করেছে। কিন্তু কোনোভাবেই সন্ধান পাচ্ছিলেন না। সোমবার এ বিষয়ে প্রথম আলো পত্রিকায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পুলিশ জানায়, তাঁকে আটক করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, তিনি চরমপন্থী দলের সক্রিয় নেতা। তাঁর বিরুদ্ধে যশোর, চৌগাছা, কালীগঞ্জ ও কোটচাঁদপুর এলাকার সন্ত্রাসী এবং চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।