বিজয় দিবস উদ্যাপনের কর্মসূচি চলাকালে নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অন্তত ছয় নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ওই কার্যালয়ে থাকা কিছু চেয়ার ও কার্যালয়ের সামনে থাকা পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গতকাল শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ওলামা দলের যুগ্ম সম্পাদক শফিকুর রহমান, ছাত্রদলের কর্মী নুর মোহাম্মদ ফরিদ, রাসেল মিয়া, রনি ও আসাদুল মিয়া। তাঁদের মধ্যে রফিকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং শফিকুর রহমান ও নুর মোহাম্মদ ফরিদকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপজেলা সদরের শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো শেষে দলীয় কার্যালয়ে আসেন। পরে পতাকা উত্তোলন ও আলোচনা সভার প্রস্তুতি চলছিল। এ সময় আওয়ামী লীগের কর্মীরা ওই কার্যালয়ে এসে হামলা চালান।
হামলায় আহত রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমরা সকাল সাড়ে সাতটায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে দলীয় কার্যালয়ে আসি। পরে পতাকা উত্তোলন ও আলোচনা সভার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানার নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী দেশি অস্ত্র নিয়ে মিছিল করে হামলা চালায়।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতা-কর্মী বিএনপির কার্যালয়ে হামলা চালায়নি। এটি তাদের অভ্যন্তরীণ কোন্দল। এই হামলার দায় এখন আওয়ামী লীগের ওপর চাপাতে চাইছে।’
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত লোকদের খোঁজা হচ্ছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।