বিএনপির কার্যালয়ের সামনে থেকে আটক ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিএনপির কিছু নেতা-কর্মী কার্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন। সেখান থেকে তাঁদের আটক করা হয় বলে পল্টন থানার একজন উপপরিদর্শক (এসআই) জানিয়েছেন।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন, বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম (টিপু), তেজগাঁও শিল্পাঞ্চল যুবদলের খলিলুর রহমান, লেলিন, রফিক, বিষু, সাকিরুল ইসলাম, আলী হোসেন ও সবুজ পল্লবী যুবদলের স্বপন ও জাহাঙ্গীর এবং মহানগর উত্তর যুবদলের ইউসুফ মিয়া ও মিরাজ।

বিএনপির কার্যালয়ের কর্মচারীরা জানান, সকাল থেকে কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন কার্যালয়ের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যাঁদের আটক করা হয়েছে, তাঁরা কার্যালয়ে ঢোকার মুখে আটক হন।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ অর্থ পাচার মামলার রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। এই মামলায় নিম্ন আদালতে খালাস পান তারেক।