বিএনপির তিন নেতার কাছে চাঁদা দাবির অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতির কাছে সর্বহারা পার্টির নেতা পরিচয়ে মুঠোফোনে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শনিবার সন্ধ্যায় ওই তিন নেতার পক্ষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে বলা হয়, গত রোববার ও সোমবার উপজেলা বিএনপির সহসভাপতি আ ফ ম ইউসুফউজ্জামানকে মুঠোফোনে ফোন করে এক ব্যক্তি নিজেকে সর্বহারা পার্টির নেতা পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। একই পরিচয়ে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ূন কবিরকে মুঠোফোনে কয়েকবার ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ ছাড়া গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনের কাছেও ফোন করে চাঁদা দাবি করা হয়।
পৌর বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, ‘দাবি করা চাঁদা না দিলে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।’ একই অভিযোগ করেন উপজেলা বিএনপির সহসভাপতি আ ফ ম ইউসুফউজ্জামান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন।
জিডির সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনার তদন্ত চলছে।