বিএনপির ত্রাণ কার্যক্রমে পুলিশের বাধা, লাঠিপেটা
বন্যার্ত মানুষের মাঝে শরীয়তপুর জেলা বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রম পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের বাধার মুখে ভন্ডুল হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের লাঠিপেটায় বিএনপির ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
আজ সোমবার ভেদরগঞ্জ উপজেলার সখীপুর বাজার ও উত্তর তারাবনিয়া আব্বাস আলী উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির নেতা-কর্মীদের মারধর করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সঙ্গে ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। বাধার মুখে ত্রাণ কার্যক্রম বন্ধ করে ওই স্থান থেকে চলে যান বিএনপির নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবনিয়া ও উত্তর তারাবনিয়া ইউনিয়নে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেন জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান। এ জন্য উত্তর তারাবনিয়া আব্বাস আলী উচ্চবিদ্যালয় মাঠে একটি প্যান্ডেল নির্মাণ করা হয়। গতকাল রোববার রাতে পুলিশ ওই প্যান্ডেল ভেঙে দেয়। ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মীরা তারাবনিয়া যাওয়ার উদ্দেশ্যে সখীপুর থানা সদরে উপস্থিত হন। আজ সকাল নয়টার দিকে পুলিশ সখীপুর থানা সদরে বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা করে তাড়িয়ে দেয়। এরপর নেতা-কর্মীরা স্থানীয় আব্বাস আলী উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হতে থাকলে সেখানেও পুলিশ লাঠিপেটা করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সখীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিকের নেতৃত্বে সখীপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল করে।
সখীপুর থানা বিএনপির সভাপতি আবদুল হামিদ সরদার বলেন, জেলা বিএনপির সভাপতির উদ্যোগে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের কথা ছিল। ত্রাণ বিতরণ উপলক্ষে দুই বছর পর তিনি (সফিকুর রহমান) এলাকায় আসবেন, এমন খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা ত্রাণ বিতরণের স্থানে উপস্থিত হতে থাকেন। এ সময় পুলিশ নেতা-কর্মীদের বাধা দেয় এবং মারধর করে। পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও তাঁদের মারধর করেছেন বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সখীপুর ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ‘আমাদের কাছে খবর ছিল তাঁরা ত্রাণ দেওয়ার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাই পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। আমরা পুলিশকে সহায়তা করার জন্য মাঠে ছিলাম।’
শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা ও পুলিশ সম্মিলিতভাবে আমাদের ত্রাণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। প্রতিটি রাস্তার মোড়ে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের আটকে মারধর করেছে। এমনকি আমি ঢাকা থেকে এসে যে ঘাটে নামব, সেখানে আমাকে বাধা দেওয়ার জন্য পুলিশ ও আওয়ামী লীগের নেতারা অবস্থান নেন।’
শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) খায়রুল আলম বলেন, বিএনপির ত্রাণ কার্যক্রমের বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানানো হয়নি। যে স্থানে তাঁরা সমবেত হতে চেয়েছিলেন, সেখানে স্থানীয় ছাত্রলীগ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের অনুমতি নিয়েছিল। দুই পক্ষে যেন কোনো ঝামেলা না হয়, এ কারণে বিএনপির নেতাদের সরিয়ে দেওয়া হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের ওপর কোনো লাঠিপেটার ঘটনা ঘটেনি।