বিএনপির দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে দলের দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় গতকাল মঙ্গলবার ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত সম্মেলনস্থল উপজেলার চাঁদভা বাজার ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
এর আগে ১৫ সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। পরে এক পক্ষকে বাদ দিয়ে উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা তিনটায় চাঁদভা বাজারে উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা। সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ায় চাঁদভা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ ও তাঁর সমর্থকেরা ক্ষিপ্ত হন। গতকাল একই সময়ে ওই স্থানে তাঁরা পাল্টা সম্মেলন ঘোষণা করেন। এ উপলক্ষে তাঁরা গত সোমবার বিকেলে চাঁদভা বাজার এলাকায় মিছিল-সমাবেশ করেন। ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যায় ওই এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
এ বিষয়ে জানতে আমিনুল ইসলাম ও হারুন অর রশিদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁরা ধরেননি।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘একই সময়ে একই স্থানে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। আমরা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানাই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাঁদভা বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন। বিষয়টি মাইকযোগে জানানো হয়েছে।’
গতকাল বেলা তিনটার দিকে পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘সামান্য ভুল বোঝাবুঝি থেকে নেতা-কর্মীদের মধ্যে একটু সমস্যা তৈরি হয়েছিল। পরে তা সমাধান হয়েছে। প্রশাসন ওই এলাকায় নিষেধাজ্ঞা জারি করায় আমরা পাশের একটি মাঠে (উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলামের বাড়ির সামনে) সম্মেলনের আনুষ্ঠানিকতা করছি।’