বিএনপির নেতা-কর্মীদের ওপর যুবলীগের হামলা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় যুবলীগের হামলায় বিএনপি-যুবদলের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার সাচীয়া বাজারে এ ঘটনা ঘটে।
মালিখালী ইউনিয়ন বিএনপির অন্তত চারজন নেতা বলেন, বুধবার বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন শেষে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা সাচীয়া বাজারে যাওয়ার পথে এবং ট্রলারে জেলা বিএনপির নেতারা মাটিভাঙ্গা যাওয়ার পথে স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান। এ সময় সাচীয়া বাজারে যুবদলের কর্মী মনির মোল্লার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলার ছবি তুলতে গিয়ে যুগান্তর পত্রিকার নাজিরপুর উপজেলা প্রতিনিধি লাহেল মাহামুদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। হামলায় বিএনপির কর্মী আজাহার আলী হাজরা, আলমগীর শেখ, মনির মোল্লাসহ ১০ জন আহত হয়েছেন। তাঁরা গোপনে চিকিৎসা নিয়েছেন।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘মধ্যসাচীয়া গ্রাম থেকে সম্মেলন শেষ করে ট্রলারে মাটিভাঙ্গা আসার পথে আমাদের ট্রলারে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ ছাড়া সাচীয়া বাজারে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের ওপর হামলা করেন যুবলীগের নেতা-কর্মীরা।
মালিখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মুজাহিদ হোসেন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আবদুর রহিম বলেন, ‘হামলা বা ভাঙচুরের ঘটনায় কারা জড়িত তা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে নাজিরপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল রয়েছে।’