বিএনপির নেতা পাঁচ দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নায়েব আলী আকন্দ
নায়েব আলী আকন্দ

রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপির কার্যকরী পরিষদের সদস্য নায়েব আলী আকন্দ (৪০) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি নিধিরামপুর নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নায়েব আলী স্থানীয় পল্লি চিকিৎসক হিসেবেও পরিচিত। তাঁর বাড়ি উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের মহেশপুর গ্রামে।

৭ সেপ্টেম্বর পীরগঞ্জ থানায় দায়ের করা জিডি ও নায়েব আলীর পরিবার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর সকালে নায়েব আলী রংপুর বিআরটিএ কার্যালয়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলের নিবন্ধন করার উদ্দেশ্যে বের হন। আর ফিরে আসেননি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।

নায়েব আলীর অন্তঃসত্ত্বা স্ত্রী মৌলুদা বেগম বলেন, ‘আমার স্বামী খুব সহজ-সরল মানুষ। তাঁর কোনো শত্রু নেই। তবু লোকটার কেন এমন হলো’—বলেই কাঁদতে থাকেন তিনি। নায়েব আলীর বড় মেয়ে নাইমুন্নাহার নীলা অষ্টম শ্রেণিতে ও ছোট মেয়ে নুশরাত জাহান প্রথম শ্রেণিতে পড়ে।

নিখোঁজ নায়েব আলীর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘নায়েব আলী অত্যন্ত সহজ-সরল মানুষ। তাঁকে কোনো কারণে অপহরণ করা হয়ে থাকতে পারে।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘নায়েব আলীর ছোট ভাই মমিন মিয়া ৭ সেপ্টেম্বর জিডি করেছেন। তাঁকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো সূত্র পাইনি।’