বিএনপির নেতা শামীম পারভেজ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পরীবাগ থেকে বিএনপির নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামীম পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। ১১ নম্বর ওয়ার্ডের সাবেক এই কাউন্সিলর মিরপুর সরকারি বাঙলা কলেজের সাবেক ভিপি ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
শামীম পারভেজের স্ত্রী জান্নাত আরা ফেরদৌস গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে শামীম পারভেজ এক বন্ধুর ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। সেখান থেকে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ তাঁকে ধরে নিয়ে যান। রাতে মিরপুর থানায় যোগাযোগ করলেও পুলিশ তাঁকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে। পরে গতকাল সকালে থানায় গেলে পুলিশ গ্রেপ্তারের কথা স্বীকার করে।
জান্নাত আরা ফেরদৌস দাবি করেন, তাঁর স্বামীর বিরুদ্ধে কয়েকটি মামলা থাকলেও সবগুলোতে আদালত থেকে তিনি জামিন নিয়েছেন।
মিরপুর থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান বলেন, ১৪-১৫টি মামলার মধ্যে মাত্র দু-তিনটি মামলায় তিনি জামিনে রয়েছেন। বাকি মামলাগুলোতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
মিরপুর থানার পুলিশ বলেছে, আজ শুক্রবার শামীম পারভেজকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে।