বিএনপির নেতাকে জামায়াত নেতার ছেলের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপির উপজেলা কমিটির সভাপতি এ কে আজাদ জীবনের নিরাপত্তা চেয়ে গত সোমবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম মণ্ডলের ছেলে সোহাগ হোসেনের (২২) বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন।
নন্দীগ্রাম থানার ওসি শাহাজাহান আলী বলেন, বিষয়টি আমলে নিয়ে তদন্তের ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আজাদ এবং নুরুল ইসলাম দুজনই বিএনপি-জামায়াত জোটের সমর্থন চান। কিন্তু জেলা বিএনপি থেকে জোটের প্রার্থী হিসেবে নুরুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ৩ মার্চ জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব তুলে নন্দীগ্রাম উপজেলা পরিষদে হামলা ও সরকারি বিভিন্ন দপ্তর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় প্রধান আসামি ছিলেন নুরুল ইসলাম। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই তিনি পলাতক। চেয়ারম্যানের অনুপস্থিতিতে গত ২৩ জুলাই থেকে আজাদকে দাপ্তরিক কাজ ও আর্থিক কার্যক্রম চালানোর দায়িত্ব প্রদান করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে নুরুল ইসলামের সঙ্গে বিরোধ তৈরি হয় এ কে আজাদের ।
এ কে আজাদ জিডিতে উল্লেখ করেন, গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে তাঁকে খুঁজতে থাকেন সোহাগসহ চার যুবক। তাঁকে না পেয়ে ওই যুবকেরা অশ্লীল ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তাঁরা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চলে যান।
এ কে আজাদ বলেন, ‘চেয়ারম্যানপুত্রের প্রাণনাশের হুমকির পর নিরাপত্তাহীনতায় ভুগছি।’