বিএনপির নেতাসহ দুজনের বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় গত রোববার গভীর রাতে বিএনপির স্থানীয় এক নেতার বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় তাঁকে কুপিয়ে আহত করা হয়। একই রাতে নারায়ণগঞ্জের বন্দরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ রোববার রাতে স্ত্রী-সন্তানদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত একটার দিকে মুখোশ পরা ১৫-১৬ জনের ডাকাতদল তাঁর বাড়িতে হানা দেয়। সশস্ত্র ডাকাতেরা প্রথমে বাড়ির কলাপসিবল গেটের তালা ভাঙে। এরপর শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতেরা নুর মোহাম্মদ, তাঁর স্ত্রী বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের শিক্ষিকা শাহিদা আক্তার ও দুই সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে। এতে বাধা দিলে নুর মোহাম্মদকে কুপিয়ে জখম করে ডাকাতেরা। এরপর ডাকাতেরা আলমারি ভেঙে ১ লাখ ১০ হাজার টাকা, সাড়ে নয় ভরি স্বর্ণালংকার, চারটি মুঠোফোন সেটসহ অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। আহত নুর মোহাম্মদকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে।
এদিকে রোববার গভীর রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোস্তফার বাড়িতে ডাকাতি হয়। মোস্তফা বলেন, পিচকামতাল গ্রামে তাঁর নির্মাণাধীন তিনতলা বাড়ির নিচতলায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি। রোববার দিবাগত রাত একটার দিকে মুখোশধারী ডাকাতদল প্রথমে তাঁর জামাতা ইসমাইলের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা বাড়ির সবাইকে ডেকে তোলে। পরে ডাকাতেরা বিভিন্ন ঘরে ঢুকে ২ লাখ ১১ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোন সেটসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে।
বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, খবর পেয়ে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।