
খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে ঢাকার বকশীবাজার এলাকায় সংঘর্ষ ও এক সাংসদের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। ওই দুই মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, বর্তমান সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ দলগুলোর দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
গতকাল বুধবার রাতে রাজধানীর শাহবাগ ও চকবাজার থানায় এ দুটি মামলা করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাসের গাড়ি পোড়ানো ও তাঁকে আহত করার ঘটনায় ‘হত্যাচেষ্টার’ অভিযোগও আনা হয়েছে।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিল হোসেন প্রথম আলোকে বলেন, শাহবাগ থানায় করা এ মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেছেন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাহেব আলী।
হাবিল হোসেন বলেন, ২৩ আসামির মধ্যে বিএনপির কেন্দ্রীয় কেউ নেই, অধিকাংশই যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মী। তাঁদের আটজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে উল্লেখযোগ্য কারও নাম তিনি বলতে চাননি।
আদালতে খালেদা, বাইরে মারপিট
চকবাজার থানায় ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, বর্তমান সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ ৭৬ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, বকশীবাজারে সংঘর্ষের ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৩০-৪০ জনকে আসামি করে এসআই দেলোয়ার হোসেন মামলা করেছেন। আসামির তালিকায় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা রয়েছেন। সংঘর্ষের ঘটনায় বুধবারই চকবাজরের পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।