বিএনপির পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ গ্রেপ্তার ৪
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল রোববার ঠাকুরগাঁওয়ের রামনাথহাট এলাকা থেকে সদর উপজেলার বিএনপির সহসভাপতি মোস্তফা কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোস্তফা উপজেলার রুহিয়া পশ্চিম ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এ ছাড়া বিএনপি ও ছাত্রদলের আরও তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে গত ৭ মে সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউপি নির্বাচন হয়। নির্বাচনের ভোট গণনা শেষে মোস্তফা কামাল তাঁর সমর্থক নিয়ে মন্ডলাদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ঢুকে ফল ঘোষণার কাজে বাধা দেন। সে সময় তাঁরা প্রিসাইডিং কর্মকর্তা হাসান তারেককে অবরুদ্ধ করে ভোট গণনার বিবরণীতে স্বাক্ষর নেন। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অজ্ঞাত ২০০০ থেকে ৩০০০ জনকে আসামি করে গত ১২ মে রুহিয়া থানায় মামলা করেন। মোস্তফা কামাল ওই মামলার প্রধান আসামি।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার বলেন, ঘটনার পরপরই মোস্তফা কামাল আত্মগোপন করেন। পুলিশ তাঁকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. নুরুজ্জামান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন ও ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়। দুপুরে মোস্তফাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।