ঢাকার সাভার পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী বদিউজ্জামান গ্রেপ্তারের ভয়ে পলাতক রয়েছেন। বদিউজ্জামানের অবর্তমানে নির্বাচন-সংক্রান্ত সব দায়িত্ব পালন করছিলেন তাঁর চাচাতো ভাই নাজিম উদ্দিন। নাজিমকে গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, নাশকতার পরিকল্পনাকালে গত ২৪ অক্টোবর সাভার পৌর এলাকার শাহীবাগ থেকে অস্ত্র, গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে গত শনিবার রাতে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির স্থানীয় একাধিক নেতা বলেন, চাপের মুখে বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি নির্বাচন থেকে সরে দাঁড়ান। যদিও তিনি এখন কারাগারে রয়েছেন। পরে দল থেকে পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়। তিনিও মামলা ও গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বদিউজ্জামান পলাতক থাকায় তাঁর হয়ে সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন নাজিম উদ্দিন। এ কারণেই তাঁকে আটক করে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
নাজিমের স্ত্রী ফারজানা বেগম বলেন, আটকের কারণ জানতে চাইলে পুলিশ তাঁদের জানিয়েছে, ওপর মহলের চাপ রয়েছে। কিন্তু কিসের চাপ, তা বলেনি। তবে আটকের পর জানা গেল, তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার আসামি করা হয়েছে। অথচ ওই মামলায় আসামি হিসেবে তাঁর নাম ছিল না। এ ছাড়া সাভারসহ অন্য কোনো থানায়ও তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন-সংক্রান্ত কারণেই তাঁর স্বামীকে আটক করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পৌরসভায় মেয়র পদে বিএনপির বদিউজ্জামান ছাড়াও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল গণি, জাতীয় পার্টির (এরশাদ) আবদুল আজিজ, কমিউনিস্ট পার্টির আজম খানসহ মোট ছয়জন নির্বাচন করছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটার বলেন, এভাবে ধরপাকড় থেকে বোঝা যায়, এখানকার সরকারি দলের প্রার্থী তাঁর বিজয় নিয়ে শঙ্কিত। সুষ্ঠু নির্বাচন হলে বোঝা যাবে, কার জনপ্রিয়তা কেমন!
আশুলিয়া থানা বিএনপির সহপ্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, মামলা ও পুলিশি হয়রানির কারণে নির্বাচন করা কষ্টকর হয়ে পড়ছে। বিএনপির প্রায় সব নেতা-কর্মী গ্রেপ্তার ও মামলার ভয়ে পলাতক রয়েছেন। অনেকে কারাগারে আছেন। বিএনপির নির্বাচনের সমন্বয়কদেরও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নাজিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, বদিউজ্জামানের মনোনয়নপত্র গত বৃহস্পতিবার জমা দিয়ে তিনিসহ আরও কয়েকজন বের হওয়ার সময় ক্ষমতাসীন দলের কয়েকজন কর্মী তাঁদের ধাওয়া দেন।
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা বলেন, তাঁর জানামতে বৃহস্পতিবারের ওই ধাওয়া করার সঙ্গে তাঁদের কর্মীরা জড়িত নন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ফাঁসানোর জন্য নয়, মামলার কারণেই নাজিমকে গ্রেপ্তার করা হয়েছে।