সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন নলকা ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী মনোনয়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরে পাঠানো নলকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরকার ও সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিকের সই করা চিঠি থেকে জানা গেছে, ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন বোর্ডের মতামত উপেক্ষা করে গত মঙ্গলবার গভীর রাতে সলঙ্গা থানার সভাপতি মতিয়র রহমান সরকার, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ শাহীন ও সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ প্রতিপক্ষ ক্ষমতাসীন দলের প্রার্থীর যোগসাজশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রঞ্জিত কুমার ঘোষকে মনোনয়ন না দিয়ে সাধারণ সম্পাদক আবদুল গফুরকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো ঘুড়কা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আয়নুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. আয়ুব আলীর সই করা একই ধরনের চিঠি থেকে থেকে জানা যায়, সলঙ্গা থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের যোগসাজশে গভীর রাতে ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের বাড়িতে গিয়ে জোরপূর্বক সই নিয়ে আবু সাঈদ ভূঁইয়াকে প্রার্থী ঘোষণা করা হয়।
পৃথক দুটি অভিযোগে নলকা ইউনিয়ন বিএনপি ও ঘুড়কা ইউনিয়ন বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের মতামত নিয়ে প্রার্থী মনোনয়নের জন্য ব্যবস্থা নিতে কেন্দ্রীয় দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।
অবশ্য সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়র রহমান সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকেই বিএনপির স্থানীয় মনোনয়ন বোর্ডের সর্বসম্মতিক্রমে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনীত করে নাম কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে। প্রার্থী মনোনয়নে কোনো অনিয়ম বা অনৈতিক কাজ করা হয়নি।