নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থী মাস্টার ইকবাল হোসেনকে (৫০) দুর্বৃত্তরা অপহরণ করে প্রায় তিন ঘণ্টা আটকে রেখেছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
ইকবাল হোসেন গতকাল শুক্রবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি হিজলি গ্রামে একটি উঠান বৈঠক করেন। পরে তিনি মোটরসাইকেলে করে ভাগনে আলমগীর, ইউপি সদস্য আবুল খায়েরসহ উপজেলা সদরের দিকে রওনা হন।
ইকবাল হোসেন আরও বলেন, তাঁরা চাঁদপুর গ্রামের শাহ আলম দরবেশের মাজারের ১০০ গজ পশ্চিমে কলেজ সড়কে যাওয়ামাত্র ১০-১২ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাঁদের পথ রোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাঁর দুই সঙ্গীকে মারধর করে পাশের ধানখেতে ফেলে দেয়। এরপর দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ইকবাল হোসেন অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাঁকে নির্বাচনী প্রচারণায় বের নিষেধ করে। প্রচারণায় বের হলে স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা। পরে রাত প্রায় সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে এনে তাঁকে সেনবাগ ফাজিল মাদ্রাসার কাছে ছেড়ে দেওয়া হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপির প্রার্থী এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৩১ অক্টোবর সেনবাগ উপজেলার সাতটি ইউনিয়নের ২৭টি স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে কাদরা ইউনিয়নের তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। যে ছয় কেন্দ্রের ভোট গণনা করা হয়েছে, তাতে বিএনপির প্রার্থী ইকবাল হোসেন তৃতীয় অবস্থানে আছেন।