নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবদুল জলিলকে নির্বাচনী প্রচারণা চালাতে না দেওয়ার অভিযোগ উঠেছে। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিএনপির প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে গত মঙ্গলবার বিকেলে লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে নৌকার সমর্থকদের বিরুদ্ধে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। পরে ওই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারম্যান প্রার্থী জলিল গত মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগপত্র জমা দেন। এতে তিনি উল্লেখ করেছেন, মঙ্গলবার সকাল নয়টার দিকে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ইউনিয়নের পশ্চিম দামকুড়ি গ্রামে নির্বাচনী প্রচারণায় যান। এ সময় নৌকা প্রার্থীর কর্মী মো. সোহাগ, মো. ওবায়দুল, মো. মামুন, মো. সাইফুল ও মো. মজিদুলসহ অনেকেই তাঁদের ঘিরে ধরেন। তাঁরা বলেন, ‘এখানে ধানের শীষের ভোট চাইতে পারবেন না। এখানে শুধু নৌকা প্রতীক ছাড়া অন্য কারও ভোট চাওয়ার অধিকার নাই।’ এর জবাবে বিএনপির প্রার্থী জলিল তাঁদের বলেন, প্রার্থী হিসেবে তাঁর সব জায়গায় ভোট চাওয়ার অধিকার আছে। তখন তাঁরা ওই প্রার্থীকে হুমকি-ধামকি দেন এবং গায়ে ধাক্কা দিয়ে জোর করে ওই গ্রাম থেকে বের করে দেন। এ অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন।
জলিল প্রথম আলোকে বলেন, তিনি যে গ্রামেই ভোট চাইতে যাচ্ছেন, সেই গ্রামেই নৌকা প্রতীকের লোকজন তাঁদের ভোট চাইতে বাধা দিচ্ছেন। এভাবে নির্বাচন করা যায় না।
এর আগে গত ১১ জুন স্বতন্ত্র প্রার্থী মলয় কুমার সরকারের নামে ওঠানো মনোনয়নপত্র তাঁর ভাইয়ের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে ওই ঘটনা ঘটার পর ওই প্রার্থী নির্বাচন থেকে সরে যান। মলয় কুমার বলেন, এ ব্যাপারে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি জীবনের ভয়ে নির্বাচন থেকে সরে এসেছেন।
তবে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর কোনো কর্মী-সমর্থক প্রতিপক্ষকে নির্বাচনী প্রচারে বাধা দেননি। নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা থাকায় তাঁরা মিথ্যা অভিযোগ তুলছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এ এস জাকির হোসেন বিএনপির প্রার্থীর অভিযোগপত্র পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘অভিযোগটি তদন্তের জন্য আমি সিংড়া থানাকে জানিয়েছি। এ ছাড়া আমি নিজেও অভিযোগটি তদন্ত করে দেখব। অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, গত ৫ মে ইউপি চেয়ারম্যান প্রদীপ কুমার মারা যান। তাঁর শূন্য পদে ১৩ জুলাই উপনির্বাচন হবে।