পাবনার সুজানগর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপির প্রার্থীকে প্রচারণায় বাধা ও কর্মীদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির নেতারা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএনপির সহসভাপতি মাসুদ খোন্দকার। উপস্থিত ছিলেন অপর সহসভাপতি আবদুল্লাহ আল মাহমুদ, আবদুস সামাদ খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ মাসুম প্রমুখ।
লিখিত বক্তব্যে বিএনপি নেতারা দাবি করেন, প্রচারণা শুরুর পর থেকেই সরকারদলীয় প্রার্থীর সমর্থকেরা বিএনপির নেতা-কর্মীদের ওপর চড়াও হচ্ছেন। প্রচারণায় বাধা, ভয়ভীতি প্রদান ও মারধর করছেন। কোনো এলাকায় বিএনপি প্রার্থীর কাউকে দেখা গেলেই ধাওয়া করা হচ্ছে। এ অবস্থায় শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে না।
বিএনপির নেতারা বলেন, নেতা-কর্মীদের ওপর হামলা ও মারধরের বিষয়ে সুজানগর থানা-পুলিশ এবং নির্বাচন কর্মকর্তাকে বারবার জানানো হলেও তাতে কোনো কাজ হয়নি। লিখিত অভিযোগ দিতে গেলেও তারা গ্রহণ করেনি। উল্টো নির্যাতনের মাত্রা বেড়েছে। গত বুধবার জেলা বিএনপির একটি দল প্রচারণায় গিয়ে মারধরের শিকার হয়েছে। দুপুরে সুজানগর বাজারে প্রকাশ্যে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়েছে। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ মাসুম, আনিসুল হক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ ও যুগ্ম সম্পাদক রূপম হোসেনসহ ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
এ প্রসঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদের বলেন, বিএনপির এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। সুজানগরে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি নেতারা ভুল বকছেন। পরাজয়ের বিষয়টি বুঝতে পারলেই তাঁরা নির্বাচন বয়কটসহ নানা নাটক করেন।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্মিলিতভাবে ভালো ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা চলছে। জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিএনপির অভিযোগের কোনো ভিত্তি নেই। কোনো অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
গত বছরের অক্টোবরে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বার্ধক্যজনিত কারণে মারা যান। পরে চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়।