বরিশালের গৌরনদীর সাতটি, আগৈলঝাড়ার পাঁচটি ও উজিরপুরের পাঁচটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে বিএনপির ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ প্রার্থীদের অভিযোগ, তাঁদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, তাঁরা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারছেন না।
গৌরনদী উপজেলা বিএনপির সহসভাপতি ও নলচিড়া ইউপিতে বিএনপির প্রার্থী মির্জা সেকেন্দার আলী বলেন, ‘৪ মার্চ সকালে আমার সমর্থকেরা পোস্টার নিয়ে প্রচারণা চালাতে কয়ারিয়া এলাকায় যান। সে সময় শতাধিক মোটরসাইকেলের মহড়া নিয়ে নৌকা প্রতীকের সমর্থকেরা আমার কর্মীদের ওপর হামলা করে পোস্টার ছিনিয়ে নেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ পর্যন্ত ৮-১০টি স্থানে হামলার শিকার হয়েছেন আমার কর্মীরা।’ তবে আওয়ামী লীগের প্রার্থী গোলাম হাফিজ মৃধা অভিযোগ অস্বীকার করেছেন।
গৌরনদীর বাটাজোর, খাঞ্জাপুর, সরিকল, চাঁদশী, মাহিলাড়া ও বার্থীর বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা অভিযোগ করেন, তাঁরা প্রচারণার জন্য মাঠে নামতে পারছেন না। বাটাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আকতার হোসেন বলেন, এ পর্যন্ত তাঁর ২০ কর্মীকে মারধর করা হয়েছে। মাঠে নামলে তাঁকে এবং তাঁর কর্মীদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
সরিকল ইউপির বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর হোসেন বলেন, ‘১২ মার্চ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারুক মোল্লা ও তাঁর লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছেন। আমার স্ত্রীসহ ২০-৩০ জনকে কুপিয়ে জখম করেছেন। আমি ও আমার ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন।’ ফারুক মোল্লা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিএনপির প্রার্থী হামলা চালিয়ে আমার কর্মীদের মারধর করে ২০টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন।’
আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি সোয়েব ইমতিয়াজ। আবুল হোসেন বলেন, তাঁর কর্মীরা প্রচারণা চালাতে গেলে তাঁদের অস্ত্র ঠেকিয়ে হুমকি দিয়ে এলাকা ছাড়তে বলা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সোয়েব ইমতিয়াজ। উজিরপুরের জল্লা ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। এখানে আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার। ওটরা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামরুজ্জামান। এখানে আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহাদাত হোসেন। মিজানুর রহমান ও কামরুজ্জামান অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থীরা তাঁদের কর্মীদের ভয় দেখাচ্ছেন। তাঁরা আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন কার্যালয় ও প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। উল্টো তাঁদের হয়রানি করা হচ্ছে।
গৌরনদী থানার ওসি আলাউদ্দিন মিলন, আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম ও উজিরপুর থানার ওসি নুরুল ইসলাম বিএনপির প্রার্থীদের অভিযোগ সম্পর্কে বলেন, এসবের কোনো সত্যতা নেই। সবকিছুই স্বাভাবিক। কোনো শঙ্কা আছে বলে মনে হয় না। তারপরও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হালিম বলেন, ‘হামলা, হুমকি ও আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আমরা পাইনি। নির্বাচনী পরিবেশ অনেক ভালো আছে।’