বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয়েছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার জেলা বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

পঞ্চম ধাপে মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউপিতে ২৮ মে ভোট। ২২ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২ মে থাকলেও নির্বাচন কমিশন সময়সীমা এক দিন বাড়িয়েছে। সেই হিসেবে ৩ মে পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবীরের স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়, ২০ এপ্রিল থেকে সন্ত্রাসী ও মাস্তান প্রকৃতির কতিপয় ব্যক্তি জেলা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আশপাশে তল্লাশি চৌকি বসিয়েছেন। তাঁরা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়া অন্য প্রার্থীকে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানে বাধা দিচ্ছেন। নির্বাচন থেকে সরে যেতে বিএনপির প্রার্থীদের হুমকি-ধমকি দিচ্ছেন তাঁরা। ইতিমধ্যে কোনো কোনো প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয়েছে। সাধারণ সদস্য পদেও প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলনে বাধা দেওয়া ও ছিঁড়ে ফেলা হচ্ছে। নির্বাচন কর্মকর্তাদের চোখের সামনে এসব ঘটনা ঘটলেও তাঁরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের ব্যবস্থা নিতে জেলা বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কর্মকর্তার কাছে দাবি জানানো হয়।

এসব অভিযোগের বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ ব্যাপারে কাজ করছে। তিনি বলেন, জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

জেলা বিএনপির সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানে বাধা দেওয়া ছাড়াও দলের প্রার্থীদের মারধর করা হচ্ছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত ১০টি ইউপির কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। দীঘি ইউপিতে দলের চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান, কৃষ্ণপুর ইউপির আদম আলী ও আটিগ্রাম ইউপির সালাহ উদ্দিনের মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলা হয়। গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনে যাওয়ার পথে আদম আলীকে ১০-১৫ জন যুবক মারধর করেন। এরপর তাঁর মনোনয়নপত্র, পকেটে থাকা ১৩ হাজার টাকা ও একটি মুঠোফোন সেট ছিনিয়ে নিয়ে যান। এ ব্যাপারে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের কতিপয় নেতা-কর্মী বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিতে বাধা দিচ্ছেন। দলের চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি-ধমকি দিচ্ছেন। এমনকি মারধরও করা হচ্ছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, এ ধরনের অভিযোগ সত্য নয়। আওয়ামী লীগ নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করে। নির্বাচনে পরাজয় জেনে বিএনপির প্রার্থীরা এসব মিথ্যা অভিযোগ করছেন।