নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থীর উঠান বৈঠকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনজন আহত হয়েছেন।
বিএনপির প্রার্থীর অভিযোগ, আওয়ামী লীগ সমর্থকেরা এই হামলা চালিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার সন্ধ্যার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠক করছিলেন বিএনপির মেয়র পদপ্রার্থী জহির উদ্দিন হারুন। এ সময় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ২০-২৫ জন যুবক সেখানে হামলা চালায়। হামলার সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
জহির উদ্দিনের অভিযোগ, বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আক্তার হোসেন ফয়সলের সমর্থকেরা এই হামলা চালিয়েছেন তাঁকে নির্বাচন থেকে দূরে রাখতে।
জহির উদ্দিনের দাবি, হামলার ঘটনায় যুবদলের কর্মী মো. শাওন (২৬) গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া ধারালো অস্ত্রের আঘাতে ভুট্টো (২২) ও খোকন (২৩) নামে তাঁর দুজন সমর্থক আহত হন। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে তাঁদের গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিএনপির প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, পৌর নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিএনপির ভেতরে বিরোধ আছে। সেই বিরোধের জের ধরেই ওই হামলা হতে পারে। বিএনপির প্রার্থী উদ্দেশ্যমূলকভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন বলেন, সন্ধ্যার আগে বিএনপির প্রার্থীর উঠান বৈঠকস্থলের প্রায় ২০০ গজ দূরে কয়েকটি পটকা ফোটায় দুর্বৃত্তরা। পুলিশ গুলিবিদ্ধ কিংবা আহত কাউকে পাননি।