বিএনপির প্রার্থীর কর্মীদের ওপর হামলা, ভাঙচুর
নির্বাচনী প্রচারাভিযান চালাতে গিয়ে কর্মী-সমর্থকসহ হামলার মুখে পড়েন ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান। গতকাল বুধবার রাতে বিরুলিয়ার শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়।
মাহমুদুল হাসানের সমর্থক ও স্থানীয় কয়েক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাহমুদুল হাসান তাঁর সমর্থক ও কর্মীদের নিয়ে প্রচারাভিযান চালাতে বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় যান। ওই এলাকায় কাশেম মার্কেটের সামনে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোট প্রার্থনা করছিলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের সাভার প্রতিনিধি জাকির হোসেন ও বাংলাভিশনের প্রতিনিধি নজমুল হুদা।
জাকির হোসেন বলেন, মাহমুদুল হাসান তাঁর লোকজন নিয়ে কাশেম মার্কেটে পৌঁছানোর কয়েক মিনিট পর ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে অর্ধশত ব্যক্তি সেখানে গিয়ে বৃষ্টির মতো গুলি বর্ষণ করেন। একপর্যায়ে তাঁরা ব্যক্তিগত গাড়িসহ চারটি যানবাহন ভাঙচুর করে গুলি ছুড়তে ছুড়তে চলে যান। হামলার সময় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে স্লোগান দেওয়া হয় বলেও জানান তিনি। তিনি বলেন, গুলিবর্ষণের কারণে মাহমুদুল হাসানসহ তাঁর লোকজন যে যাঁর মতো আশপাশের বিভিন্ন বাড়িতে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে প্রার্থীর বাড়িতে পৌঁছে দেয়।
মাহমুদুল হাসান বলেন, নির্বাচনী প্রচারাভিযান থেকে দূরে থাকতে সন্ত্রাসীরা তাঁকে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে। তাঁর সমর্থক ও কর্মীদের নানা ভয়ভীতি দেখানো হচ্ছে।
এর আগে সোমবার রাতে বনগাঁও ইউনিয়নের সাধাপুর কাজীপাড়া এলাকায় হামলা চালিয়ে সন্ত্রাসীরা বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইবনে হাসিবের একটি নির্বাচনী কার্যালয় (ক্যাম্প) ও তাঁর সমর্থকদের একটি দোকান ভাঙচুর করে। এ সময় কয়েকটি ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটে।
জানতে চাইলে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপারের (এএসপি) দায়িত্বে থাকা রাসেল শেখ বলেন, ‘বিরুলিয়ার শ্যামপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে বনগাঁওয়ে কোনো ঘটনা ঘটেছে কি না, তা আমার জানা নেই।