বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী সাখাওয়াত হোসেন ওরফে জসীমের সমর্থকেরা বিএনপির প্রার্থী এহ্তেশামুল হকের প্রধান নির্বাচনী কর্যালয় ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এহ্তেশামুল হকের ভাষ্যমতে, গতকাল বুধবার দুপুরে দলীয় কয়েকজন নেতা-কর্মী ও সমর্থক নিয়ে তিনি জমিদারহাট বাজারে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে বসে কথা বলছিলেন। ওই সময় আওয়ামী লীগের প্রার্থীর ৩০-৪০ জন সমর্থক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে এবং কার্যালয়ে থাকা পোস্টার, প্রচারপত্র ও ব্যানার বাইরে নিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় হামলাকারীরা তাঁকে ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মী ও সমর্থকদের লাঞ্ছিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামাল ও রিটার্নিং কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারীর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী সাখাওয়াত হোসেন বলেন, গতকাল পশ্চিম চরসীতা এলাকায় বিএনপির প্রার্থীর সমর্থকেরা তাঁর কয়েকটি পোস্টার নষ্ট করেন। এ নিয়ে সেখানে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে তাঁর কয়েকজন সমর্থকের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে উভয় প্রার্থীর কিছু সমর্থক বিভিন্ন স্থানে প্রতিপক্ষের পোস্টার ছিঁড়ে নষ্ট করেন। পরে বিএনপি প্রার্থীর সমর্থকেরা জমিদারহাটে নিজেদের নির্বাচনী কার্যালয়ের কয়েকটি চেয়ার ভাঙচুর করে তাঁর (সাখাওয়াত হোসেনের) সমর্থকদের অভিযুক্ত করছেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের কয়েকটি চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। কারা ওই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, এ ব্যাপারে তিনি কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও এস এম শফি কামাল বলেন, তিনি বিএনপির প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।