বিএনপির প্রার্থীর প্রচারণায় যুবলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় গতকাল রোববার বিএনপির মেয়র পদপ্রার্থী নাসিরউদ্দিন আহমদের প্রচারণা চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বিকেল পাঁচটার দিকে পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড এলাকায় নিজের কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ করতে যান নাসিরউদ্দিন আহমেদ। এ সময় লাঠিসোঁটা নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা চালান। তাঁরা গণসংযোগে আসা তিনটি গাড়ি ভাঙচুর করেন। হামলায় কমপক্ষে ১০ জন আহত হন।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, বিএনপির মেয়র পদপ্রার্থী ও আওয়ামী লীগ-সমর্থিত এক কাউন্সিলর পদপ্রার্থীর দুই সমর্থকের ব্যক্তিগত বিরোধ থেকে এ হামলার ঘটনা ঘটেছে। এ সময় একটি গাড়িতে পেছন থেকে ঢিল ছুড়লে কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেননি।