পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। বিএনপির মেয়র প্রার্থীর কর্মীদের প্রচারণায় বাধা, মারপিট ও সমর্থকদের বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে মোটরসাইকেলে মহড়া দিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ভোটার এবং বিএনপির কর্মীদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বেড়েই চলেছে।
পৌরসভার শতাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত কয়েকটি নির্বাচনের মতো ভোট কারচুপি হওয়ার আশঙ্কা করছেন বেশির ভাগ ভোটার।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মো. গোলাম কবির ও বিএনপির শফিকুল ইসলাম (ফরিদ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। শফিকুল ইসলাম বর্তমান মেয়র। এখানে ভোটার ১২ হাজার ৪৭০ জন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি উপনির্বাচনে পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরকে এক হাজার ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন।
মেয়র প্রার্থী শফিকুল ইসলাম বলেন, ‘পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে আমার কর্মীদের প্রচারণায় বাধা এবং নেতা-কর্মীদের ভয় দেখানো হচ্ছে। গত বুধবার বিকেলে ২ নম্বর ওয়ার্ডে ছাত্রদলের দুই কর্মী প্রচারণা চালাতে গেলে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর ভাতিজা লোকজন নিয়ে ছাত্রদল কর্মী রিপনকে মারপিট করে মাথা ফাটিয়ে দেন। শুক্রবার বিকেলে পিরোজপুর জেলা বিএনপির সহসভাপতি এলিজা জামান পৌরসভার ফকিরবাড়ি এলাকায় গণসংযোগ চালানোর সময় যুবলীগের কর্মীরা মোটরসাইকেলে মহড়া দিয়ে সেখানে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের ভয় দেখান। এ ছাড়া আওয়ামী লীগের লোকজন আমার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের আচরণ দেখে আমি সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় আছি।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম কবির ভোট কারচুপির আশঙ্কা উড়িয়ে দেন। তিনি দাবি করেন, বিএনপির মেয়র প্রার্থী স্বাধীনভাবেই প্রচারণা চালাচ্ছেন। কোথাও তাঁদের বাধা দেওয়া হচ্ছে না। অভিযোগগুলো ভিত্তিহীন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুন বলেন, দুই মেয়র প্রার্থীকে আচরণবিধি মেনে প্রচারণা চালানোর জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। বিএনপির মেয়র প্রার্থীর প্রচারণায় বাধা, কর্মীদের মারপিট ও হুমকির ব্যাপারে তিনি কিছুই জানেন না।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। পৌরসভার নয়টি ভোট কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুরের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের উচিত ভোটারদের মধ্যে যে শঙ্কা সৃষ্টি হয়েছে তা দূর করা।