চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুল ইসলাম চৌধুরীর বাড়িতে গত শুক্রবার রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী রায়হান উদ্দীনের লোকজন ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাত ১১টার দিকে ইউনিয়নের দক্ষিণ ফেদাইনগর গ্রামে অহিদুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁর বাড়িতে মুহুর্মুহু ককটেল ও জাহাজের সিগন্যাল লাইটের বিস্ফোরণ ঘটায়। তবে ওই সময় অহিদুল ইসলাম বাড়িতে ছিলেন না।
অহিদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রায়হান উদ্দীনের পক্ষের ৩০-৩৫ জন লোক তাঁর বাড়িতে হামলা চালান। এতে বাড়িতে থাকা পুকুর খননকাজের পাঁচ শ্রমিক আহত হন। তিনি বলেন, হামলাকারীরা ত্রাস সৃষ্টি করে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে চলে যান।
অভিযোগ অস্বীকার করে রায়হান উদ্দীন বলেন, অহিদুল ইসলাম নাশকতা মামলার পলাতক আসামি। তিনি গ্রেপ্তারের ভয়ে বাড়িতে থাকেন না। তাই ভোট চাইতে জনগণের কাছে যেতে পারছেন না। নেতা-কর্মীদের চাঙা করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন তিনি। ঘটনা যদি আদৌ ঘটে থাকে, তাহলে ওই ঘটনার সঙ্গে তাঁর কোনো কর্মী জড়িত নন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, অহিদুলের বাড়িতে হামলা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে অহিদুল কিংবা অন্য কেউ এ ব্যাপারে লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দলীয় চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী।
গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।