বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রশিদুল হাসান ওরফে লিংকনের কাছ থেকে মনোনয়নপত্র কেড়ে নিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
রশিদুল হাসান বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে গতকাল বেলা আড়াইটার দিকে তিনি জেলা নির্বাচন কার্যালয়ে যান। এ সময় সন্ত্রাসীরা তাঁকে লাঞ্ছিত করে মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে যায়। পরে তিনি আবার মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন।
দলীয় প্রার্থীর কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান বলেন, এ সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ বলেন, ‘বাইরে কী হয়েছে আমার জানা নেই। তবে বিএনপির প্রার্থী রশিদুল হাসান দ্বিতীয়বারের মতো মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।’