নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণের প্রচারণাকালে বিএনপির প্রার্থীর সমর্থক মো. রায়হানকে (২৬) পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সন্ধ্যায় নলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রায়হান বলেন, শুক্রবার সন্ধ্যায় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে নলদিয়া গ্রামের দিঘিরপাড় এলাকায় যান। এ সময় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল ওহাবের এক সমর্থক তাঁকে বাধা দেন। একপর্যায়ে চার-পাঁচজন সন্ত্রাসী তাঁকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।
বিএনপির প্রার্থী আমিন উল্যাহর অভিযোগ, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল ওহাব ক্ষমতার দাপট দেখিয়ে নির্বাচনের ফল পক্ষে নিতে মরিয়া হয়ে উঠেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আবদুল ওহাব বলেন, তাঁর কোনো সমর্থক সহিংস ঘটনায় জড়িত নয়।
সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, বিএনপির প্রার্থী তাঁর এক সমর্থককে মারধর ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ মৌখিকভাবে করেছেন।
নবীপুর ইউনিয়নের একটি কেন্দ্রসহ সেনবাগ উপজেলার সাতটি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে ৩১ অক্টোবর ভোট গ্রহণ করা হবে।