বিএনপির প্রার্থীর সমর্থকদের ওপর হামলায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী আক্কাস উদ্দিনসহ তাঁর সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন প্রার্থীর ছোট ভাই গাজী নিয়াজ উদ্দিন (৩০), চাচাতো ভাই গাজী রুহুল আমীন (৩২) ও চাচা গাজী মো. শাহজাহান (৬৫)। নিয়াজ ও রুহুল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শাহজাহান একই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিএনপির প্রার্থী গাজী আক্কাস উদ্দিন এ ঘটনার জন্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দ মশিউর রহমান ও তাঁর সমর্থকদের দায়ী করেছেন। তিনি বলেন, হামলাকারীরা তাঁর ও গাজী রুহুল আমীনের মুঠোফোনসহ টাকা নিয়ে গেছে।
মশিউর রহমান বলেন, ‘হামলার সঙ্গে আমার সমর্থকেরা জড়িত নয়। এটা তাঁদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটেছে।’
গাজী আক্কাস উদ্দিনের বড় ভাই গাজী আব্বাস উদ্দিন বলেন, ‘ইউনিয়নের রজপাড়া গ্রামে জহিরুল ইসলাম পাহলানের কুলখানিতে অংশ নেওয়ার জন্য ছোট ভাই গাজী আক্কাস উদ্দিনসহ তাঁর কয়েকজন সমর্থককে নিয়ে আমরা মোটরসাইকেলে করে যাচ্ছিলাম। পশ্চিম রজপাড়া গ্রামের শরীফ বাড়ির কাছাকাছি পৌঁছালে আমাদের ওপর সৈয়দ মশিউর রহমানের সমর্থক শামীম, জসিম উদ্দিন, আবুল কালাম ও মোকছেদের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় তিনজন আহত হন। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাঁদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। হামলার সময় সৈয়দ মশিউর রহমান দূরে দাঁড়িয়ে ছিলেন। মামলার প্রস্তুতি নিচ্ছি।’
কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বাদল বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখানে যাওয়ার আগেই পরিস্থিতি শান্ত হয়। হামলায় তিনজনকে আহত দেখতে পেয়েছি।’