ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদে (ইউপি) গত সোমবারের নির্বাচনের পর বিএনপি-সমর্থিত বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থককে হত্যার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে একটি বাঁশঝাড় থেকে ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের সন্দেহ এটি হত্যাকাণ্ড।
নিহত মকবুল হোসেন (৫৫) বিএনপির বিজয়ী চেয়ারম্যান প্রার্থী পয়গাম আলীর সমর্থক এবং স্থানীয় একটি কামারের দোকানের শ্রমিক।
ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে গত ২৮ মে নারগুন ইউনিয়নে একটি কেন্দ্রে গোলযোগের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সোমবার ওই কেন্দ্রে ভোট গ্রহণের পর বিএনপির প্রার্থী পয়গাম আলীকে ২২৮ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়।
মকবুল হোসেনের স্ত্রী বাচ্চাই আক্তার অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থী সেরেকুল ইসলামের সমর্থকেরা গত বৃহস্পতিবার তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেন এবং গোয়ালে থাকা একটি গরু ধরে নিয়ে যান। এ ঘটনায় আতঙ্কিত হয়ে সেদিনই মকবুল ও তাঁর স্ত্রী বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। নির্বাচনের পর সোমবার সন্ধ্যায় তাঁরা বাড়ি ফিরছিলেন। এ সময় আনোয়ার, ইয়াকুব ও বিশুসহ সেরেকুলের সমর্থকদের কয়েকজন তাঁদের ধাওয়া করেন। তাঁরা দুজন দুই দিকে পালিয়ে যান। এ ঘটনার পর মকবুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল ভোরে একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বাঁশঝাড়ের মধ্যে একটি বাঁশের সঙ্গে পাটের রশি দিয়ে ঝোলানো ছিল মকবুলের দেহ। তাঁর দুই পায়ের হাঁটু ভাঁজ হয়ে মাটির সঙ্গে লেগে ছিল।
বিএনপির বিজয়ী চেয়ারম্যান প্রার্থী পয়গাম আলী বলেন, মকবুল তাঁর সক্রিয় কর্মী ছিলেন। আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হওয়ার পর তাঁর সমর্থকেরা মকবুলকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখতে পারেন।
অভিযুক্ত আনোয়ার হোসেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইয়াকুব ও বিশু ওয়ার্ড পর্যায়ের নেতা বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের প্রার্থী সেরেকুল ইসলাম।