বিএনপির বিদ্রোহী প্রার্থীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. কামাল উদ্দিনকে কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আজ শনিবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম দফা ভোট শেষ হওয়ার ঘণ্টা খানেক আগে নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।


জানা যায়, বেলা তিনটায় ওই ভোটকেন্দ্রে যান মো. কামাল উদ্দিন। এ সময় তাঁকে লাঞ্ছিত করেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মো. তোফায়েল আহাম্মদ ভুঁঞা ও তাঁর সমর্থকেরা। এ সময় কামাল উদ্দিন আত্মরক্ষার্থে তাঁর পিস্তল থেকে দুটি ফাঁকা গুলি ছোড়েন। তখন বিএনপি প্রার্থীর সমর্থকেরা তাঁকে রামদা দিয়ে কোপান, লাঠি দিয়ে পেটান ও টেঁটাবিদ্ধ করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত কামালের বড় ভাই মোজাম্মেল হক দাবি করেন, বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহাম্মদ ভুঁঞা, তিতাস উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব-২ আবদুল মতিনের নির্দেশে কামাল উদ্দিনকে হত্যা করা হয়েছে।

এদিকে এ অভিযোগের বিষয়ে জানতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহাম্মদকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।

নাগেরচর ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবদুর আউয়াল সরকার বলেন, কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটেছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আবদুন নুর বলেন, নিহত ব্যক্তির মাথার ডান পাশে ও ডান কানের নিচে ভারী আঘাতের চিহ্ন আছে। এ ছাড়া পিঠে তিনটি, বুকে তিনটি ও নাভির নিচে টেঁটার আঘাতের তিনটি চিহ্ন আছে। তাঁকে কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে হত্যা করা হয়েছে।