বিএনপির মিছিলে হামলা
জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার উপজেলা শহরে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ছয় নেতা-কর্মী আহত হন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যানের দোকান ভাঙচুর করা হয়।
আহত ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের একজন ও পাঁচজন বিএনপির নেতা-কর্মী। এঁদের মধ্যে আক্কেলপুর পৌর মেয়র ও বিএনপির নেতা আলমগীর চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য পৌর কাউন্সিলর রেজাউল করিম ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সরোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলা বিএনপি পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে। পৌর শহর প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে হামলা চালান। এরপর সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আওয়ামী লীগের মিছিলটি পৌর শহরের কলেজ বাজার এলাকার উপজেলা পরিষদের ১ নম্বর গেটে পৌঁছালে নেতা-কর্মীরা উপজেলা চেয়ারম্যান ও বিএনপির পৌর কমিটির সভাপতি কামরুজ্জামান কমলের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। এ সময় দলীয় নেতা-কর্মীদের থামাতে গিয়ে সরোয়ার হোসেন আহত হন। প্রাণভয়ে বিএনপির নেতা-কর্মীরা দলের নেতা রেজাউল করিমের পাশের ব্যবসাপ্রতিষ্ঠানে আশ্রয় নেন। সেখানে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান।