বিএনপির মেয়র পদপ্রার্থীর পথসভায় হামলা, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থীর সমর্থনে আয়োজিত পথসভায় হামলা ও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় মেয়র পদপ্রার্থী নুরুল ইসলাম হায়দার ও জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক আহত হয়েছেন। তবে কেউ গুলিবিদ্ধ হননি। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে পৌরসভার ভরামুহুরী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আলমগীর চৌধুরীর নেতা-কর্মী ও সমর্থকেরা এ হামলা চালিয়েছেন। তবে আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শী এবং বিএনপির নেতারা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভরামুহুরী এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম হায়দারের নির্বাচনী পথসভা শুরু হয়। স্থানীয় বিএনপির নেতাদের বক্তব্য শেষে পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়েজি বক্তব্য দিতে ওঠেন। এ সময় ভরামুহুরীর সড়ক ও উপজেলা পরিষদ সড়ক দিয়ে ২০-৩০টি মোটরসাইকেলে ৪০-৫০ জন যুবক এসে অন্তত সাত-আটটি গুলি বর্ষণ করে ও হামলা চালায়। এতে নুরুল ইসলাম হায়দার ও জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক আহত হন। তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এনামুল হক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ছাবের প্রথম আলোকে বলেন, হায়দারের বুকের ডান পাশে, বাঁ কানের নিচে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে শরীরের কোথাও গুলির দাগ নেই। তিনি হার্ট ও ডায়াবেটিসের রোগী হওয়ায় ঝুঁকি এড়াতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘২০-৩০টি মোটরসাইকেল নিয়ে “জয় বাংলা” স্লোগান দিয়ে আওয়ামী লীগের লোকজন বিএনপির নির্বাচনী পথসভায় হামলা ও গুলিবর্ষণ করেছে। এতে বিএনপির সাত-আটজন নেতা-কর্মী আহত হয়েছে। হায়দারের গায়ে গুলি লেগেছে কি না জানতে পারিনি।’
তবে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আলমগীর চৌধুরী দাবি করেন, ‘নিজেরা নাটক সাজিয়ে আমার কর্মী-সমর্থদের ওপর দোষ চাপাচ্ছে। অনর্থক আমার কর্মী-সমর্থকেরা তাঁর ওপর হামলা করতে যাবে কেন? আমার গণসংযোগে মানুষের ঢল দেখে বিএনপি পাগল হয়ে গেছে।’
জানতে চাইলে চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বিএনপির পথসভা শেষে যাওয়ার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মুখোমুখি হয়। এ সময় পাল্টাপাল্টি স্লোগানে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।