বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী বৈঠকে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী জহির উদ্দিন হারুনের নির্বাচনী বৈঠকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

মেয়রপ্রার্থী জহিরের দাবি, হামলার সময় দুর্বৃত্তদের গুলিতে শাওন নামের তাঁর এক কর্মী আহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও দুজন।
জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ বিকেল পাঁচটার দিকে তিনি পৌরসভা এলাকার নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী বৈঠক করছিলেন। দলীয় নেতা-কর্মীর পাশাপাশি বৈঠকে এলাকার বিভিন্ন লোকজনও ছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জন যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে বৈঠকে অতর্কিত হামলা করে। তাঁরা গুলি ছোড়ে ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। গুলিতে শাওন আহত হন। আহত হন আরও দুইজন।
তবে শাওনকে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আহত বাকি দুজনের নাম কি-সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি জহির উদ্দিন।
জহির উদ্দিন অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আক্তার হোসেন ওরফে ফয়সলের লোকজনই এ হামলা করেছে। তাঁকে নির্বাচন থেকে দূরে রাখতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
অভিযোগ অস্বীকার করে আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, পৌর নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিএনপির ভেতরে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরেই ওই হামলা হতে পারে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, হামলার ঘটনা শুনেছি। তবে গুলিবিদ্ধ বা আহত হওয়ার সত্যতা পাওয়া যায়নি।