ঢাকার সাভার পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী বদিউজ্জামানের ব্যাংক কলোনির বাসায় গতকাল সোমবার সংবাদ সম্মেলনের সময় হামলা হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি গুলির শব্দও শোনা যায়।
হামলার পর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেন।
বদিউজ্জামান বলেন, তাঁর বিরুদ্ধে থানায় তিনটি মামলা তদন্তাধীন। এ কারণে তিনি বাইরে ছিলেন। উচ্চ আদালত থেকে তিন মাসের জামিন নিয়ে তিনি গতকাল সাভারে আসেন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে তিনি ব্যাংক কলোনি মহল্লায় নিজের বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলন চলার সময় সরকারি দলের শতাধিক নেতা-কর্মী চারদিক থেকে তাঁর বাসায় অতর্কিত হামলা চালান। হামলাকারীরা ইট-পাটকেল ছুড়তে ছুড়তে তাঁর বাসার ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় কয়েকটি গুলির শব্দও শোনা যায়। হামলা ও ইটের আঘাতে তাঁর ১০ জন কর্মী আহত হন। তিনি আরও বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার পরও তাঁকে পোস্টার টানাতে দেওয়া হচ্ছে না। তাঁর কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। এ অবস্থায় স্বচ্ছ নির্বাচন অসম্ভব।
তবে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আবদুল গনির ছেলে যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান বলেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় বদিউজ্জামানের বাসা থেকে তাঁদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে তাঁদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। তাঁদের কোনো নেতা-কর্মী বদিউজ্জামানের বাসায় হামলা চালাননি। এ ছাড়া ওই বাসায় আদৌ কোনো হামলা হয়েছে কি না, তা-ও তাঁদের জানা নেই।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, বিএনপির প্রার্থীর বাড়িতে হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাভার মডেল থানার ওসি কামরুজ্জামানকে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ওসি কামরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।