বিএনপির শোভাযাত্রায় পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় গতকাল বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া করে পুলিশ l ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় গতকাল বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া করে পুলিশ l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জে গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের লাঠিপেটায় ১০ জন আহত হয়েছেন। এ সময় মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমানসহ চারজনকে আটক করে পুলিশ।
এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির দুই পক্ষ একই স্থানে পাল্টাপাল্টি সভা ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকারের নেতৃত্বে শোভাযাত্রা বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ তাঁদের ব্যানার ও ফেস্টুন ছিনিয়ে নেয়। বাধা উপেক্ষা করে তাঁরা এগোনোর চেষ্টা করলে পুলিশ এলোপাতাড়ি লাঠিপেটা করে। এতে বিএনপির নেতা-কর্মীসহ ১০ জন আহত হন। পুলিশ সেখান থেকে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান, ছাত্রদলের নেতা কাওসার হোসেন, জনি ও মাসুদকে আটক করে।
পরে ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে কেক কাটা হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিএনপির নেতা আনোয়ার হোসেন, বদরুল আলম খসরু, জামাল উদ্দিন প্রমুখ।
তৈমুর আলম খন্দকার বলেন, ‘রাষ্ট্রে যখন গণতন্ত্র থাকে না, তখন পুলিশ আওয়ামী লীগের পেটোয়া বাহিনী হিসেবে কাজ করে। পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বেপরোয়া লাঠিপেটা করেছে। মিছিল থেকে চারজনকে আটক করেছে।’ আটক নেতাদের মুক্তির পাশাপাশি দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মিছিল থেকে চারজনকে আটক করা হয়।
এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্র জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে নয়টায় শ্রীনগর বাজারে উপজেলা বিএনপির আগের কমিটির সভাপতি মমিন আলী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সভা আহ্বান করেন। অন্যদিকে সদ্যঘোষিত কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালামও একই স্থানে একই সময়ে সভা আহ্বান করেন। দুই পক্ষই সভা করার অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গত বুধবার রাত ১০টা পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারেনি। এরপর উপজেলা প্রশাসন গতকাল সকাল ছয়টা থেকে শ্রীনগর বাজার ও আশপাশে ১৪৪ ধারা জারি করে। শ্রীনগর বাজারের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যতন মারমা বলেন, সমাবেশের স্থান ও সময় নিয়ে দুই পক্ষ অনড় থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।