বিএনপির শোভাযাত্রায় লাঠিপেটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠিতে বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পুলিশের লাঠিপেটায় পণ্ড হয়ে গেছে। এতে বিএনপির ১০ জন নেতা-কর্মী আহত হন।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড়ের দলীয় কার্যালয় থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কিছুদূর অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা শোভাযাত্রা বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
এতে বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতা-কর্মী আহত হন বলে দাবি করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। পুলিশের হামলার প্রতিবাদে পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝালকাঠির সহকারী পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, লাঠিপেটা করা হয়নি। তবে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে।