বিএনপির সভা পণ্ড, গাড়ি ভাঙচুর
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দিনাজপুর জেলা বিএনপির তিন পক্ষের মঞ্চ দখল ও পাল্টা দখল এবং বাদানুবাদের ঘটনায় যৌথ কর্মিসভা পণ্ড হয়ে গেছে। গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টায় শহরের লোকভবন মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়।
বেলা তিনটায় দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকায় জেলা বিএনপির সভাপতির বাসায় প্রেস ব্রিফিং শেষে বের হয়ে আসার পথে লিলি সিনেমা মোড়ে বিক্ষুব্ধ একটি পক্ষের কর্মীরা (জেলা কমিটির প্রয়াত সভাপতি খুরশীদ জাহান হক ও তাঁর ছেলের পক্ষ) দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানকে বহনকারী ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করেন। তাঁরা ইট দিয়ে গাড়ির পেছনের কাচ ভেঙে ফেলেন। গাড়িটি দ্রুত বেগে ওই স্থান ত্যাগ করার কারণে মাহবুবুর রহমান অক্ষত ছিলেন।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান বলেন, সকাল সাড়ে ১০টায় সভা শুরুর আগে প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান সভাস্থলে আসেন। এর আগে জেলার ১৩ উপজেলা ও আটটি পৌর কমিটির নেতা-কর্মীরা সভায় উপস্থিত হন।
প্রত্যক্ষদর্শী ও দলের নেতা-কর্মীরা জানান, গত উপজেলা নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। সভা শুরুর আগে বেলা পৌনে ১১টায় মুকুর চৌধুরী কয়েক শ সমর্থক নিয়ে মিলনায়তনে আসেন। মুকুর চৌধুরীর সমর্থকেরা সাধারণ সম্পাদক হিসেবে তাঁকে সভা পরিচালনা করতে দেওয়ার দাবি জানান। এ সময় জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মুকুর চৌধুরীর সমর্থকদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মঞ্চে টানানো ব্যানারে কেন্দ্রীয় নেতাদের নামের পাশে মুকুর চৌধুরীর নাম নেই দেখে তাঁর সমর্থকেরা মঞ্চে উঠে ব্যানার ছিঁড়ে ফেলেন। এ নিয়ে জেলা ছাত্রদল সভাপতি মোস্তফা কামাল ও তাঁর সমর্থকদের সঙ্গে মুকুর চৌধুরীর সমর্থকদের হাতাহাতি শুরু হয়।
বেলা ১১টায় মুকুর চৌধুরী ও জেলা কমিটির সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে মিলনায়তন থেকে বেরিয়ে আসেন। বেলা ১১টা ৩৭ মিনিটে জেলা কমিটির প্রয়াত সভাপতি বেগম খুরশীদ জাহান হক ও তাঁর ছেলে শাহরিয়ার আকতার হকের ছবিসংবলিত ফেস্টুন হাতে নিয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলমের নেতৃত্বে এক হাজার কর্মী-সমর্থক মিলনায়তনে ঢোকেন। দলের এই অংশটি কেন্দ্রীয় নেতাদের কাছে নেতৃত্বের ব্যর্থতা কাটিয়ে উঠে দলের বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানায়।
এ রকম একটি অস্বস্তিকর পরিবেশে দুপুর ১২টার দিকে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, সহসভাপতি এ জেড এম রেজওয়ানুল হক, সাবেক সভাপতি আবদুল হালিমসহ অন্যান্য নেতা মিলনায়তন থেকে বেরিয়ে আসেন।
যৌথ কর্মিসভা পণ্ড হওয়ার পর বেলা তিনটায় দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকায় জেলা বিএনপির সভাপতির বাসায় এ ঘটনা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ওই সভা পণ্ড করার জন্য বেগম খুরশীদ জাহান হক ও তাঁর ছেলে শাহরিয়ার আকতার হকের ছবি বহনকারীদের দায়ী করে বলেন, ‘তস্করের মতো হলে প্রবেশ করে তারা মঞ্চ দখল করে নিল। দলীয় কর্মসূচির সঙ্গে কোনো কালেই তারা ছিল না।’ তিনি আরও বলেন, ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
দলের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান বলেন, দিনাজপুরের এ ঘটনা প্রমাণ করেছে, জেলায় দলীয় নেতৃত্বে দুর্বলতা ও কোন্দল রয়েছে। সব পক্ষকে সঙ্গে নিয়ে আলাপ-আলোচনা ছাড়া এই সমস্যা সমাধান করা সম্ভব নয়।