দুর্বৃত্তদের হামলায় নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা বিএনপির বর্ধিত সভা পণ্ড হয়ে গেছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে এই সভা হওয়ার কথা ছিল। সভা শুরুর কিছুক্ষণ আগে ৪০-৫০ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে কমিউনিটি সেন্টারে প্রবেশের চেষ্টা করেন। বিএনপির নেতা-কর্মীরা বাধা দিতে গেলে তাঁদের ওপর হামলা চালান ওই যুবকেরা। তাঁরা সভাস্থলের বাইরে টাঙানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
হামলায় লাঠিসোঁটার আঘাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ক্যামেরাপারসনসহ (চিত্রগ্রাহক) বিএনপির সাত কর্মী আহত হয়েছেন। হামলার পর দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন (খোকন) নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশকে দায়ী করেন।
হামলার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সোনাইমুড়ী বিএনপিতে খোকন ও বুলুর (বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা) মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এই বিরোধের জের ধরে সভায় গন্ডগোল হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই যুবকেরা সভাস্থলে ঢোকার চেষ্টা করলে সোনাইমুড়ী পৌর বিএনপির সভাপতি মোতাহের হোসেন তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তাঁর সঙ্গে দলের কয়েকজন কর্মীও ছিলেন। তখন দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে ওই যুবকেরা সভাস্থলের সামনে লাগানো ব্যানার ও ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলেন। পুরো ঘটনার ভিডিও ধারণ করছিলেন চিত্রগ্রাহক হাছান। দুর্বৃত্তরা তাঁকে মারধর করেন এবং তাঁর ক্যামেরা ভেঙে ফেলে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরাও তাঁকে নাজেহাল করেন।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা প্রথম আলোকে বলেন, অনুমতি না নিয়েই কমিউনিটি সেন্টারে সভা আহ্বান করে বিএনপি। একই সময় ছাত্রলীগও সেখানে কর্মী সম্মেলনের কর্মসূচি দিয়েছে বলে তাঁরা তথ্য পান। এ নিয়ে যাতে ঝামেলা না হয়, সে জন্য তিনি অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন দুই পক্ষ তর্কে লিপ্ত। পরে তিনি দুই পক্ষকেই সরিয়ে দেন। এ সময় এক ফটোসাংবাদিকের ওপর হামলার চেষ্টা হলে পুলিশ তাঁকে রক্ষা করে। পুলিশের উপস্থিতিতে হামলা কিংবা ককটেল বিস্ফোরণের কথা ঠিক নয়। সেখানে কয়েকটি বাজি ফোটানোর শব্দ শোনা গেছে।
এদিকে সভা পণ্ড হয়ে যাওয়ার পর গতকাল বেলা একটার দিকে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়ে সভা করতে যান তিনি। কিন্তু সোনাইমুড়ী থানা-পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে সভা করতে দেননি।