রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিষ্ণুপুর গ্রামে গত শনিবার রাতে নয়টি ঘরে হামলা ও একটি দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। বিএনপির সমাবেশে যোগ দেওয়ার অভিযোগ তুলে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের গফুর মোল্লার ভাতিজা রমেজ মোল্লা, মৃত বাবু শেখের ছেলে আরিফ শেখ ও আনোয়ার শেখের ছেলে রানা শনিবার সন্ধ্যায় রাজবাড়ী থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিএনপির সভা শেষে স্থানীয় নেতা-কর্মীরাও তাঁদের সঙ্গে একই অটোরিকশায় বাড়ি ফেরেন। পরে সন্ধ্যার দিকে বাড়ির কাছে পৌঁছালে আওয়ামী লীগের স্থানীয় কর্মী আলমের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক তাঁদের গতিরোধ করে রাজবাড়ী যাওয়ার কারণ জানতে চান। এ সময় আলম ও তাঁর সহযোগীরা বিএনপির সভায় যোগদানের অভিযোগ তুলে তাঁদের কিল-ঘুষি দেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, আরিফ ও রানা এলাকায় ফিরে ঘটনা জানালে লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ খবর পেয়ে আলমের নেতৃত্বে অর্ধশতাধিক যুবক দেশীয় অস্ত্র নিয়ে রাত নয়টার দিকে তাঁদের বাড়িঘরে হামলা চালান। এ সময় ময়েছ শেখের তিনটি, গোলাপ আলীর দুটি, বাবু শেখের দুটি ও গফুর মোল্লার দুটি ঘরে ভাঙচুর চালানো হয়। এ ছাড়া স্থানীয় লুৎফর শেখের মুদির দোকানে ভাঙচুর চালিয়ে মালামাল লুট করেন তাঁরা। হামলায় খোয়াজ মানিক মোল্লা, রূপবান বেগম, রমিজ মোল্লা, সেলিম ও আনিসকে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দুই নারীসহ আহত আরও ১০ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ছোটভাকলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মজিদ ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দাবি করেন, শনিবার বিকেলে জেলা বিএনপির সভায় যোগদান করার অপরাধে তাঁদের ওপর এ সন্ত্রাসী হামলা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল বলেন, ‘ব্যক্তিগত বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে সরকারদলীয় কেউ এর সঙ্গে জড়িত নন।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ব্যক্তিগত দ্বন্দ্ব ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি থানার পুলিশকে জানানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শনে হামলা ও ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি।