বিএনপির সাবেক দুই সাংসদ গ্রেপ্তার
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানাতে গিয়ে গতকাল বুধবার আটক হয়েছেন বিএনপির দুই সাবেক সাংসদ। পরে তাঁদের গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাঁরা হলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জের সাবেক সাংসদ নিজামুদ্দিন ও রামগতির সাবেক সাংসদ আশরাফ উদ্দিন নিজান।
পুলিশ জানায়, মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন কাদের সিদ্দিকী। বিএনপির সাবেক দুই সাংসদ সেখানে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে বেলা দুইটার দিকে এই দুজনকে মতিঝিল থানার পুলিশ আটক করে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলী বলেন, গাড়ি পোড়ানো মামলায় বিএনপির সাবেক এই সাংসদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাতে তাঁদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
বিএনপির সূত্র জানায়, কাদের সিদ্দিকীর কর্মসূচির প্রতি সংহতি জানাতে খালেদা জিয়ার নির্দেশে নিজামুদ্দিন ও আশরাফ উদ্দিন সেখানে গিয়েছিলেন।
গত ২৮ জানুয়ারি থেকে ‘নিরবচ্ছিন্ন’ অবস্থান করছেন কাদের সিদ্দিকী।