বিএনপির সাবেক নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা
নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক এক নেতাকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার কোটাকোল ইউনিয়নের ধলইতলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন কোটাকোল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির কার্যকরী পরিষদের সাবেক সদস্য বেবী গাজী (৫০)। তিনি ধলইতলা গ্রামের আলতাফ গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেবী গাজী বিকেলে লোহাগড়া থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। গ্রামের শুরুতে নওশের শেখের বাড়ির পাশে রাস্তার ওপর ১০-১২ জন যুবক তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর ছ্যান ও দা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপায়। মৃত্যু নিশ্চিত করতে বেবী গাজীর হাত-পায়ের রগ কেটে দিয়ে তারা পালিয়ে যায়।
নিহত বেবী গাজীর মেজ ছেলে রাজীব গাজী মুঠোফোনে অভিযোগ করেন, গ্রামের শাহীন ও কুটিমিয়ার নেতৃত্বে ১০-১২ জন তাঁর বাবাকে হত্যা করেছে বলে তিনি জেনেছেন। তবে কী কারণে তারা ক্ষিপ্ত ছিল, তা তিনি জানতে পারেননি।
কোটাকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ধলইতলা গ্রামের গাজী নান্নু মিয়া বলেন, একসময় গ্রামে আধিপত্য বিস্তর নিয়ে দ্বন্দ্ব-সংঘাত ছিল। এখন আর নেই। আর বেবী গাজী কয়েক বছর ধরে রাজনীতি ও গ্রাম্য কোন্দলের বাইরে ছিলেন। তাঁর শত্রু থাকার কথা নয়।
ইউপি চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম বলেন, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমানে দ্বন্দ্ব নেই। ব্যক্তিগত আক্রোশ থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এদিকে পুলিশি অভিযানে শুরু হওয়ায় অভিযুক্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। এ জন্য তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।