বিএনপির সাবেক নেতার পুত্র ইরাদ গ্রেপ্তার
ফেসবুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ ও অশ্লীল মন্তব্য করায় চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি নিউজের খবরে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ এ অভিযান চালায়।
৪৫ বছর বয়সী চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বিএনপির সাবেক নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে সিম, মোবাইল, ম্যাক বুক ও ল্যাপটপ উদ্ধার করা হয় এবং ফেসবুক আইডিগুলো জব্দ করা হয়।
ডিএমপির খবরে বলা হয়, কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম কয়েক দিন ধরে অনলাইন গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরাদ জানান, তিনি নেদারল্যান্ডসে থাকেন।
ইরাদ বিভিন্ন সময় মেয়র চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী, জমিদার চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী ও ইরাদবেরী ফিন (Mayor Chowdhury Irad Ahmed Siddiky, Zamindar Chowdhury Irad Ahmed Siddiky ও iradberry finn) নামে ফেসবুক আইডি খুলে বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ ও অশ্লীল মন্তব্য করেন। তাঁর ফেসবুক পোস্টে রাষ্ট্রবিরোধী মন্তব্য রয়েছে। এ ছাড়া তিনি নিজেকে ঢাকার ছায়া মেয়র (Shadow mayor) বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন।