বিএনপির সাবেক সাংসদের বাসায় 'যুবলীগ-ছাত্রলীগের' হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের বাসায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

ওই হামলায় বিএনপির কর্মী আবু তাহের দোলন, করিম ও মানিকসহ পাঁচজন আহত হয়েছেন। হামলার সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমানের মাইক্রোবাস ভাঙচুর করা হয়। ওই হামলার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাসিবুর রহমানের দাবি, কমলনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আশরাফ উদ্দিনের বাসায় চর ফলকন ইউনিয়ন বিএনপির সম্মেলন চলাকালে হামলা করা হয়। হামলায় ওই বাসার দরজা জানালা ভাঙচুর করা হয়েছে। এতে সম্মেলন পণ্ড হয়ে যায়।
হামলার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন হামলার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে ওই ঘটনা ঘটে থাকতে পারে। অন্যদিকে, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, তিনি এ ঘটনার ব্যাপারে কিছু জানেন না।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ হামলার ব্যাপারটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।