বিএনপির ২২ নেতার বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কাজে বাধাদান ও যানবাহন ভাঙচুরের চেষ্টার অভিযোগে জয়পুরহাট জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ২২ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও দেড় শজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন জয়পুরহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুশফিকুর রহমান এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির জেলা সভাপতি মোজাহার আলী প্রধান, জেলা সহসভাপতি গোলাম মোস্তফা ও আমিনুর রহমান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, জেলা যুবদলের সভাপতি সেলিম রেজা প্রমুখ।
জেলা বিএনপি সূত্র জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে গত বৃহস্পতিবার জয়পুরহাটে বিএনপি কর্মসূচি হাতে নেয়। বেলা ১১টার দিকে শহরের রেলগুমটি এলাকায় দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা কালো পতাকা মিছিল বের করেন। এটি রেললাইন পার হয়ে ছানা মিষ্টান্ন ঘরের কাছে পৌঁছালে পুলিশ বাধা দেয়। বাধা ভেঙে মিছিলটি এগিয়ে যেতে চাইলে একটি গুলি ছোড়া হয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়। পরে পুলিশি বাধা ও গণতন্ত্রের কালো দিবস উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে বিএনপি।
জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন বলেন, পুলিশের অনুমতি না নিয়ে বিএনপি মিছিল বের করলে শহরের প্রধান রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তা ছাড়া নেতা-কর্মীদের নিষেধ করলে তাঁরা পুলিশের কাজে বাধা দেন। তাঁরা যানবাহন ভাঙচুরের চেষ্টাও চালান। এ ঘটনায় রাতেই উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বাদী হয়ে মামলা করেন। এতে দুজনকে গ্রেপ্তার করে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পুলিশ গুলি ছোড়েনি।
জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান মুঠোফোনে বলেন, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয়। সে সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে নেতা-কর্মীরা ভয়ে দলীয় কার্যালয়ে ফিরে যান। পুলিশ অন্যায়ভাবে নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছে। তিনি এ মিথ্যা মামলা প্রত্যাহার চান।