বিএনপির ২৮ নেতা-কর্মীর নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসে হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ২৮ জনের নামে মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২০ জনকে। গত রোববার রাতে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সরকার বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় চকরিয়া পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোবারক আলী, পৌরসভা যুবদলের সভাপতি আকতার ফারুখ, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান মনির, পৌরসভা তরুণ প্রজন্ম দলের আহ্বায়ক রানা হামিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন ওরফে লাল্টু, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোয়াইবুল ইসলাম ওরফে সবুজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ২৮ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।

চকরিয়া পৌরসভার মেয়র নুরুল ইসলাম বলেন, কে বা কারা রাতের অন্ধকারে বাসে বোতল ছুড়েছে। অথচ পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।

এদিকে বাসে বোতল ছুড়ে মারার ঘটনায় পুলিশের হাতে আটক মো. আবছার ও আবু বক্করকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তবে আবু বক্করের পরিবারের দাবি, তিনি চকরিয়া পৌরসভার মসজিদ মার্কেটে ব্যবসা করেন। কোনো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন।

পুলিশের উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সরকার জানান, বোতলের আঘাতে বাসের গ্লাস ভেঙে চার যাত্রী আহত হয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর জানান, আসামিদের ধরতে অভিযান চলছে।